• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

আনসার-ভিডিপির মাধ্যমে প্রতিটি গ্রাম উন্নয়নের কেন্দ্রে পরিণত হবে : প্রধানমন্ত্রী

ByShirso aparadh

মে ১৯, ২০২৬

অনলাইন ডেস্ক : প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) মাধ্যমে দেশের প্রতিটি গ্রামকে আর্থ-সামাজিক উন্নয়নের কেন্দ্রে পরিণত করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, বাহিনীর ৬০ লাখ সদস্যের সাহস, নিষ্ঠা ও দেশপ্রেম বৈষম্যমুক্ত, ন্যায়ভিত্তিক ও নিরাপদ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মঙ্গলবার (১৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বুধবার (২০ মে) অনুষ্ঠিতব্য বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ উপলক্ষে তিনি এ বিবৃতি দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশের যেকোনো প্রয়োজনে আনসার বাহিনীর সময়োপযোগী ভূমিকা সবসময়ই প্রশংসনীয়। বিশেষ করে গত ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে আনসার ও ভিডিপি সদস্যরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তিনি বাহিনীর কর্মকর্তা-কর্মচারী ও তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাদের আন্তরিক অভিনন্দন জানিয়ে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী আনসার বাহিনীর ৬৭০ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘ দেড় দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শাসনের পর বাংলাদেশ আবারও গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে বর্তমান সরকার কাজ করছে। এ যাত্রায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, শহর ও গ্রামে নিরাপদ সমাজ গঠন, সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং বিভিন্ন সামাজিক সেবা কার্যক্রম বাস্তবায়নে আনসার-ভিডিপি সরকারের অবিচ্ছেদ্য অংশ হিসেবে কাজ করছে। স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের “আমাদের হাত কোটি হাতিয়ার, অঙ্গীকার আমাদের দেশ গড়বার” — এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাহিনীটি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর সঙ্গে শক্তিশালী সেতুবন্ধন তৈরি করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, বৃক্ষরোপণ, পরিবেশ সুরক্ষা, খাল খনন, দুর্যোগ ব্যবস্থাপনা, বন্যা মোকাবিলা, খাদ্য নিরাপত্তা ও পুনর্বাসনের মতো জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আনসার-ভিডিপির বিস্তৃত নেটওয়ার্ককে কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।

তিনি জানান, দেশের শিল্প-কারখানা, হাসপাতাল, আর্থিক প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিশ্চিতে বর্তমানে ৫২ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।

যুবসমাজকে দক্ষ জনশক্তি ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আনসার ও ভিডিপির প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, স্বনির্ভরতা ও কর্মসংস্থানের নতুন মডেল তৈরিতে বাহিনীটি গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights