মোঃ আশরাফুল ইসলাম রাজু, ফুলতলা (খুলনা) প্রতিনিধি:
‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা’ প্রতিপাদ্যে দেশব্যাপী একযোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। মঙ্গলবার (১৯ মে) সকালে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে মেলার উদ্বোধন ঘোষণা করেন তারেক রহমান।
সারাদেশের ন্যায় খুলনার ফুলতলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়েও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে এ মেলা। উপজেলা ভূমি অফিস চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সূচিরানী সাহা এবং সহকারী কমিশনার (ভূমি) তৌহিদ রেজা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার সেবাগ্রহীতারা অনুষ্ঠানে অংশ নেন।
মেলায় আগত নাগরিকরা সরাসরি অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধ, ই-নামজারি, খতিয়ানের সার্টিফায়েড কপি সংগ্রহ, মৌজা ম্যাপের আবেদনসহ ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করছেন। পাশাপাশি ভূমি বিষয়ক জটিলতা নিরসনে তাৎক্ষণিক পরামর্শ ও সহায়তাও দেওয়া হচ্ছে।
উপজেলা ভূমি প্রশাসন জানিয়েছে, সাধারণ মানুষের ভোগান্তি কমানো, দালালমুক্ত সেবা নিশ্চিত করা এবং দ্রুততম সময়ে ডিজিটাল ভূমি সেবা পৌঁছে দেওয়াই এ মেলার মূল লক্ষ্য।
১৯ মে শুরু হওয়া এ ভূমিসেবা মেলা আগামী ২১ মে পর্যন্ত প্রতিদিন বিরতিহীনভাবে চলবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
