• বৃহস্পতি. জুন ১১, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

রাস্তা নির্মাণকে কেন্দ্র করে মেঘনায় যুবককে কুপিয়ে হত্যা

Byadmin

মে ৯, ২০২৬

আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার চন্দনপুর ইউনিয়নের তুলাতুলি গ্রামে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন (৩৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৮ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, দেলোয়ারের বড় ভাই আবদুল বাতেনের জমির মাঝ দিয়ে রাস্তা নির্মাণকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। অভিযোগ রয়েছে, চন্দনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. নাছির মেম্বার ওই জমির মাঝ বরাবর রাস্তা নির্মাণ করতে চাইলে জমির মালিক আবদুল বাতেন আপত্তি জানান। তিনি রাস্তা নির্মাণে বাধা না দিলেও জমির এক পাশ দিয়ে রাস্তা নেওয়ার অনুরোধ করেন।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বিষয়টি নিয়ে কয়েক দফা আলোচনা ও মীমাংসার চেষ্টা হলেও বিরোধের অবসান হয়নি। শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে দেলোয়ার তার পুরোনো বাড়ি থেকে নতুন বাড়ির দিকে যাওয়ার সময় পথে আগে থেকে ওঁত পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করা হয়।

দেলোয়ারের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চন্দনপুর ইউনিয়ন যুবদলের সভাপতি সিরাজুল ইসলাম বাবু দাবি করেন, জমি নিয়ে বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। তিনি বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা করা হলেও নাছির মেম্বার ক্ষোভ পোষণ করে আসছিলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তার জানান, জমি সংক্রান্ত একটি লিখিত অভিযোগ পেয়েছিলেন। পরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হলে তিনি জানান, অভিযোগকারীর জমির ওপর দিয়ে রাস্তা নির্মাণ করা হচ্ছে না।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে নিহতের মরদেহ এখনো ঢাকা থেকে আনা হয়নি।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights