• মে ২০, ২০২৬

The Daily Shirso Aparadh

"ঠেকাও অপরাধ, বাঁচাও দেশ"

ধামুরা বাজারে অগ্নিকাণ্ড: ক্ষতিগ্রস্তদের সহায়তায় ইউএনও মোঃ আলী সুজা

Byadmin

এপ্রিল ১, ২০২৬
ধামুরায় ভয়াবহ আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ সহায়তা ও ঢেউটিন বিতরণধামুরায় ভয়াবহ আগুন: ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ সহায়তা ও ঢেউটিন বিতরণ

বরিশাল বিভাগীয় ব্যুরো

বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ ও ঢেউটিন বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৭ জন ব্যবসায়ীকে তাৎক্ষণিক সহায়তা হিসেবে প্রত্যেককে ১০ হাজার টাকা নগদ অর্থ এবং দেড় বান্ডেল করে ঢেউটিন প্রদান করা হয়। প্রশাসনের এই উদ্যোগে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে কিছুটা স্বস্তি ফিরে আসে।

সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশাররফ হোসাইন, শোলক ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক আঃ আজিজ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম জমাদ্দার এবং উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দিন শরীফ, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম আসাদ, সদস্য খলিলুর রহমান, আহাদ হোসেন সুমন, সাংবাদিক মোস্তফা জামান সুমনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত ৩১ মার্চ গভীর রাতে ধামুরা বাজারের পূর্ব পাড় বাসস্ট্যান্ডের সামনে হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

পরে স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই বাজারের একাধিক দোকান পুড়ে যায়।

এই অগ্নিকাণ্ডে পোল্ট্রি ফিড, স্টিল, ফার্নিচার, স্যানিটারি সামগ্রী, টাইলস এবং ফিশ ফিডের দোকানসহ মোট ৭টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, বাদল হাওলাদার, পরিমল হালদার, জাকির হোসেন, হুমায়ুন কবির, শাহাবুদ্দিন এবং শিশির কর্মকার। ইউএনও মোঃ আলী সুজা জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন রয়েছে এবং ভবিষ্যতেও আরও সহায়তা প্রদানের চেষ্টা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Verified by MonsterInsights