• শুক্র. জুলা ১০, ২০২৬

ভুয়া মুক্তিযোদ্ধাদের তালিকা শিগগিরই প্রকাশ: সংসদে মুক্তিযুদ্ধমন্ত্রী

Byadmin

মার্চ ৩১, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা: জালিয়াতির মাধ্যমে মুক্তিযোদ্ধার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে অবৈধ সুবিধা নেওয়া ব্যক্তিদের চিহ্নিত করে শিগগিরই তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন আহমেদ আজম খান।

মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে সরকার দলীয় সংসদ সদস্য জয়নুল আবদীন-এর করা সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

মন্ত্রী বলেন, জালিয়াতির মাধ্যমে যারা মুক্তিযোদ্ধা তালিকায় নাম লিখিয়েছেন এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েছেন, তাদের শনাক্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। খুব শিগগিরই এ সংক্রান্ত তালিকা প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, শুধুমাত্র ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করাই নয়, একইসঙ্গে বিগত সময়ে বাদ পড়া ও হয়রানির শিকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বিষয়টিও গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।

মন্ত্রী বলেন, “আমরা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে কাজ করছি। যারা ‘তন্ত্র-মন্ত্র’ ব্যবহার করে অবৈধভাবে মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন, এমনকি তাদের সন্তানদের চাকরি পাইয়ে দিয়েছেন এবং নিজেরাও সুবিধা ভোগ করেছেন—তাদের চিহ্নিত করা হচ্ছে।”

বিগত সরকারের সময়ের অনিয়মের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অনেক প্রকৃত মুক্তিযোদ্ধার ভাতা বন্ধ করা হয়েছিল, সনদ স্থগিত করা হয়েছিল এবং তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন।

সংসদ সদস্যদের আশ্বস্ত করে মন্ত্রী বলেন, এসব অনিয়ম দূর করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অধিকার নিশ্চিত করতে দ্রুততম সময়ের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং বিষয়টি জাতির সামনে তুলে ধরা হবে।

By admin

Editor And Publisher at Doinik Shirso Aparadh, Motijheel, Dhaka-1000.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights