মন্ত্রিসভার নতুন সদস্য হিসেবে টাঙ্গাইল–৮ আসনের সংসদ সদস্য আহমেদ আযম খান-এর নাম ঘোষণা করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা পৌনে একটার দিকে বঙ্গভবনে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় ৪০ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপির এই প্রবীণ নেতা।
দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আহমেদ আযম খান দলটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন। তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-র উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতির দায়িত্বও পালন করেছেন। পূর্ববর্তী সরকারের সময় ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথের আন্দোলন এবং বিভিন্ন টেলিভিশন টকশোতেও সক্রিয় ভূমিকা রাখতে দেখা গেছে তাকে।
শপথ নেওয়ার পর তিনি দলের সর্বস্তরের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সখীপুর ও বাসাইল এলাকার সামাজিক ও রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে তিনি কাজ করবেন। দল-মত নির্বিশেষে সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ বজায় রাখারও আহ্বান জানান তিনি।
