
মো. শাহাদাত হোসেন তালুকদার সাকু
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ শনিবার (১৫ আগস্ট)। ১৯৪৫ সালের এই দিনে দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। মৃত্যুর পর এবারই প্রথম জন্মদিন পালন করছে তার দল ও অনুসারীরা।
জন্মদিন উপলক্ষে এবারও কোনো ধরনের আড়ম্বরপূর্ণ আয়োজন থেকে বিরত রয়েছে বিএনপি। দলের পক্ষ থেকে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মিলাদ, দোয়া মাহফিল ও অন্যান্য কর্মসূচি নেওয়া হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।
এ ছাড়া দেশের বিভিন্ন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয় কার্যালয় এবং মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়েছে। দলীয় নেতাকর্মী ও সমর্থকদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
বিএনপি সূত্রে জানা গেছে, আজ বিকেলে রাজধানীর ঢাকা-১৭ আসনের মহাখালী কড়াইল বস্তি এলাকার টিঅ্যান্ডটি মাঠে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে অনুদান বিতরণ এবং দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা রয়েছে।
খালেদা জিয়ার জন্মদিনকে ঘিরে বগুড়ার শিবগঞ্জেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির তিন দিনের কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বাদ জুমা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বেড়াবালা গরীবপুর গ্রামের বায়তুল মামুর জামে মসজিদে এ আয়োজন করা হয়।
খালেদা জিয়ার রাজনৈতিক জীবন শুরু হয় স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপির প্রাথমিক সদস্য হন। পরবর্তী সময়ে দলের ভাইস চেয়ারম্যান এবং ১৯৮৪ সালে চেয়ারপারসনের দায়িত্ব গ্রহণ করেন।
স্বৈরাচারবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর ১৯৯১ সালের জাতীয় নির্বাচনে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে আরও দুই দফায় প্রধানমন্ত্রী হন। এছাড়া তিনি দুইবার সংসদের বিরোধীদলীয় নেতার দায়িত্ব পালন করেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে খালেদা জিয়া একাধিকবার কারাবন্দি ও গৃহবন্দি হয়েছেন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় কারাগারে যাওয়ার পর ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি। এরপর গুলশানের বাসভবন ফিরোজায় থেকে চিকিৎসা নেন।
দীর্ঘদিন অসুস্থ থাকার পর ২০২৫ সালের ৩০ ডিসেম্বর মারা যান খালেদা জিয়া। পরদিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাকে স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।
মৃত্যুর পর খালেদা জিয়ার এটিই প্রথম জন্মদিন। ফলে রাজনৈতিক অঙ্গনে তার জন্মদিনের কর্মসূচি এবার ভিন্ন আবহে পালিত হচ্ছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/