
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা, ২১ জুন ২০২৬:
সরকার গঠনের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) বিকেল ৩টায় তিনি রাজধানী ঢাকা থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর-এর উদ্দেশে রওনা হবেন।
সফরের প্রথম ধাপে আগামী সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-এর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন তিনি। বৈঠকে বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক জোরদার, শ্রমবাজার সম্প্রসারণ, আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনের প্রচেষ্টা এবং মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সংস্কৃতি বিনিময়সহ একাধিক দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
মঙ্গলবার মালয়েশিয়া সফর শেষে সরাসরি চীনের দালিয়ান শহরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের নিউ চ্যাম্পিয়নস বার্ষিক সম্মেলন ২০২৬-এ অংশ নেবেন। সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে।
সফরের শেষ পর্যায়ে বুধবার চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) এবং মোট ১৭টি চুক্তি ও সহযোগিতা দলিল স্বাক্ষর হওয়ার কথা রয়েছে।
এই সফরকে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/