
অনলাইন ডেস্ক:
ইউরোপজুড়ে যখন অভিবাসনবিরোধী মনোভাব ক্রমশ বাড়ছে, ঠিক সেই সময়ে ভিন্নধর্মী এক সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছে স্পেন। দেশটিতে বসবাসরত প্রায় ৫ লাখ অবৈধ অভিবাসীকে বৈধতার আওতায় আনতে ‘সাধারণ ক্ষমা’ (অ্যামনেস্টি) কর্মসূচি অনুমোদন করেছে সরকার। এতে উপকৃত হবেন বিপুল সংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের অভিবাসীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ-এর নেতৃত্বাধীন সরকার আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।
সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী ১৬ এপ্রিল থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে এবং ২০ এপ্রিল থেকে সরাসরি আবেদন জমা দেওয়া যাবে। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ জুন পর্যন্ত।
এই কর্মসূচির আওতায় নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে অভিবাসীরা এক বছরের জন্য বৈধভাবে বসবাস ও কাজ করার অনুমতি পাবেন। পরবর্তীতে এই অনুমতি নবায়নের সুযোগও থাকবে, যা তাদের স্থায়ীভাবে বৈধ হওয়ার পথ সুগম করবে।
সরকার নির্দিষ্ট কিছু শর্ত নির্ধারণ করেছে। যেমন—
সরকারের হিসাব অনুযায়ী প্রায় ৫ লাখ মানুষ এই কর্মসূচির আওতায় আসতে পারেন। তবে বিশ্লেষকদের ধারণা, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ অনেক অভিবাসী এখনও নিবন্ধনের বাইরে রয়েছেন।
প্রধানমন্ত্রী সানচেজ এই উদ্যোগকে “ন্যায়বিচার ও সময়োপযোগী পদক্ষেপ” হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, অভিবাসীরা স্পেনের অর্থনীতি ও শ্রমবাজারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাদের বৈধতা দেওয়ার মাধ্যমে দেশের উৎপাদনশীলতা আরও বাড়বে।
তবে এই সিদ্ধান্তকে ঘিরে রাজনৈতিক বিতর্কও তৈরি হয়েছে। বিরোধী দলগুলো এটিকে অযৌক্তিক বলে সমালোচনা করেছে। একই সঙ্গে প্রশাসনের কিছু কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করেছেন, এত বিপুল সংখ্যক আবেদন সামাল দেওয়ার মতো প্রস্তুতি সরকারি ব্যবস্থায় নেই।
এই ঘোষণায় সবচেয়ে বেশি আনন্দিত হয়েছেন স্পেনে বসবাসরত বাংলাদেশি অভিবাসীরা। আল জাজিরা-এ প্রকাশিত এক ভিডিওতে বার্সেলোনায় তাদের উচ্ছ্বাস দেখা গেছে।
মুরুল ওয়াইদ নামের এক বাংলাদেশি অভিবাসী বলেন, “এখানে কাজ নেই, থাকার জায়গা নেই—জীবন খুব কষ্টের। এখন বৈধ হওয়ার সুযোগ আসায় আমরা খুবই খুশি।”
বিশ্লেষকদের মতে, ইউরোপের অনেক দেশ যেখানে অভিবাসন কঠোর করার পথে হাঁটছে, সেখানে স্পেনের এই উদ্যোগ মানবিক ও বাস্তবমুখী নীতির উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/