
দেশের ২৪তম রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ তপশিল ঘোষণা করেন।
ঘোষিত তপশিল অনুযায়ী, আগামী ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৩ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৮ আগস্ট।
এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের নামসংবলিত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার তালিকা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়েছে সংসদ সচিবালয়। ইসি সচিব আখতার আহমেদ জানান, কমিশন ভোটার তালিকা হাতে পেয়েছে এবং রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সব প্রস্তুতি এগিয়ে চলছে।
গত ২১ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। এরপর সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে সংসদ সদস্যদের ভোটে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হয়।
বর্তমান সংবিধান অনুযায়ী, জাতীয় সংসদের ৩৫০ জন সদস্য রাষ্ট্রপতি নির্বাচন করেন। বিদ্যমান ৭০ অনুচ্ছেদের কারণে দলীয় সিদ্ধান্তের বাইরে ভোট দেওয়ার সুযোগ কার্যত সীমিত থাকায় ক্ষমতাসীন দলের প্রার্থীর নির্বাচিত হওয়ার সম্ভাবনাই বেশি থাকে।
এদিকে, গণভোটে অনুমোদিত জুলাই জাতীয় সনদে রাষ্ট্রপতি নির্বাচনে সংসদের উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে নির্বাচন এবং রাষ্ট্রপতির কিছু সাংবিধানিক ক্ষমতা বৃদ্ধির প্রস্তাব রাখা হলেও সংবিধান সংশোধন না হওয়ায় সেসব প্রস্তাব এখনো কার্যকর হয়নি। ফলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন বর্তমান সাংবিধানিক বিধান অনুসারেই অনুষ্ঠিত হবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/