
আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, ১৬ ডিসেম্বর থেকে থার্ড টার্মিনালের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। তবে টার্মিনালটি পুরোপুরি চালু হতে আরও পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে। প্রথম দিন সেখানে ২০টি উড়োজাহাজ চলাচল করবে।
তিনি আরও জানান, থার্ড টার্মিনাল পরিচালনা থেকে অর্জিত আয়ের ২৭ শতাংশ পাবে বাংলাদেশ। পাশাপাশি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের ৫০ শতাংশ দায়িত্ব পালন করবে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
জানা গেছে, ২০১৭ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণের প্রকল্প নেওয়া হয়। ২১ হাজার ৩৯৮ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর প্রকল্পটির নির্মাণকাজ শুরু হয়। প্রকল্প ব্যয়ের মধ্যে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা অর্থায়ন করেছে। বাকি অর্থ জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) থেকে ঋণ হিসেবে নেওয়া হয়েছে।
২০২৩ সালের ৭ অক্টোবর তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন করা হয়। সে সময় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছিল, ২০২৪ সালের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে। তবে নির্ধারিত সময়ের মধ্যে এর পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/