
নিজস্ব প্রতিবেদক:
সরকার দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে। জেলাগুলো হলো— রাজশাহী, চুয়াডাঙ্গা, খুলনা, মাদারীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, হবিগঞ্জ, নরসিংদী, মেহেরপুর, লালমনিরহাট ও বান্দরবান।
রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপন অনুযায়ী—
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব কাজী শহিদুল ইসলামকে রাজশাহীতে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব লুৎফুন নাহারকে চুয়াডাঙ্গায়, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব হুরে জান্নাতকে খুলনায় এবং অর্থ বিভাগের উপসচিব মর্জিনা আক্তারকে মাদারীপুরে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া সরকারি প্রিন্টিং প্রেসের উপ-পরিচালক (উপসচিব) মো. আবু সাঈদকে ব্রাহ্মণবাড়িয়ায়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উপসচিব আহমেদ জিয়াউর রহমানকে চাঁদপুরে এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জি এম সরফরাজকে হবিগঞ্জে জেলা প্রশাসক করা হয়েছে।
অন্যদের মধ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহান কেয়াকে নরসিংদীতে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব শিল্পী রানী রায়কে মেহেরপুরে, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপসচিব মুহ. রাশেদুল হক প্রধানকে লালমনিরহাটে এবং ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) মো. সানিউল ফেরদৌসকে বান্দরবানে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সরকারের উপসচিব পদমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকেই জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়। জেলা পর্যায়ে ডিসি কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইনশৃঙ্খলা রক্ষা, কালেক্টর হিসেবে ভূমি ব্যবস্থাপনা এবং সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তদারকির দায়িত্বে থাকেন।
এদিকে পৃথক আদেশে এসব জেলার বর্তমান ডিসিদের প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
প্রত্যাহার হওয়া ডিসিদের মধ্যে রয়েছেন— চুয়াডাঙ্গার মোহাম্মদ কামাল হোসেন, মাদারীপুরের জাহাঙ্গীর আলম, মেহেরপুরের সৈয়দ আনিসুল কবির, লালমনিরহাটের এইচ এম রফিক হায়দার, ব্রাহ্মণবাড়িয়ার শারমিন আক্তার জাহান, হবিগঞ্জের আবু হাসনাত মোহাম্মদ আরেফীন, চাঁদপুরের মো. নাজমুল ইসলাম সরকার, বান্দরবানের শামীম আরা রিনি, খুলনার আ স ম জামশেদ খোন্দকার, নরসিংদীর মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং রাজশাহীর আফিয়া আখতার।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/