
আব্দুল আজিজ, কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার হোমনায় মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে অবমাননা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় মহসিন (৩৫) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

বুধবার অভিযুক্তের পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়। বিক্ষুব্ধ জনতা থানায় বিক্ষোভ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষ্যামালিকা চাকমা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহরের আশ্বাসে পরিস্থিতি সাময়িক শান্ত হয়।

এরপর বৃহস্পতিবার সকালে নিলখী ইউনিয়নের বাবরকান্দি মাদ্রাসার শিক্ষক মাওলানা সাইদুর রহমান ও ইসলামী আন্দোলনের নেতা মাওলানা তাইজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে উত্তেজিত জনতা আসাদপুর গ্রামের ফকির কফিল উদ্দিন শাহ’র মাজার ও বাড়ি-ঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায়। পাশাপাশি নোয়াগাঁও কালু ফকির, আব্দু শাহ ও হাওয়ালী মাজারেও হামলা হয়। এতে ঘরবাড়ি, আসবাবপত্র, দলিলপত্রসহ মূল্যবান জিনিসপত্র পুড়ে যায়।
খবর পেয়ে পুলিশ, প্রশাসন ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।
কুমিল্লা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, অভিযুক্তকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। এ ঘটনায় কোনো গোষ্ঠীর ইন্ধন রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।
সহকারী পুলিশ সুপার (হোমনা সার্কেল) মো. আব্দুল করিম বলেন, অভিযুক্তের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে। পাশাপাশি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায়ও প্রশাসন বাদী হয়ে মামলা প্রস্তুত করছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/