
শেখ ফরিদ উদ্দিন :
হাওরের কৃষি ও কৃষকদের সুরক্ষায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমির উর রশিদ। তিনি বলেন, ভবিষ্যতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে সরকার বিভিন্ন কার্যকর উদ্যোগ বাস্তবায়ন করছে।
শনিবার (৯ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা শহীদ মিনার চত্বরে ক্ষতিগ্রস্ত ২৫০ জন কৃষকের মাঝে সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “হাওরের কৃষি ও কৃষক দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে কৃষকদের যে ক্ষতি হয়েছে, তা কাটিয়ে উঠতে সরকার তাদের পাশে রয়েছে। ভবিষ্যতে যাতে এমন পরিস্থিতিতে ক্ষতি কম হয়, সে জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করা হচ্ছে।”
টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে ফসল হারিয়ে দিশেহারা কৃষকদের সহায়তায় সরকার নানা উদ্যোগ নিয়েছে বলেও জানান তিনি। অনুষ্ঠানে নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নে প্রাকৃতিক দুর্যোগে নিহত আহাদ মিয়ার পরিবারের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দুই লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুসাঈদ। সঞ্চালনা করেন নাসিরনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসাইন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান এমপি। তিনি বলেন, “নাসিরনগর দীর্ঘদিন অবহেলিত ছিল। প্রান্তিক কৃষকদের কৃষিজমি প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। আধুনিক নাসিরনগর গড়াই আমার প্রধান লক্ষ্য।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক ড. মোস্তফা এমরান হোসাইন, জেলা পুলিশ সুপার মো. উবাইদুর রহমান এবং নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন।
এছাড়াও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এ কে এম খালেদ, সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলী আজম চৌধুরীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের আগে মন্ত্রী হাওরের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন এবং প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/