
মনির হোসেন:
মহান বিজয় দিবসের দিনে হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত মিশুক গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল আনুমানিক ১১টার দিকে হবিগঞ্জ শহর ছেড়ে বানিয়াচংয়ের উদ্দেশ্যে যাওয়ার সময় আতুকুড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম শরীফ মিয়া (২৭)। তিনি হবিগঞ্জ সদর উপজেলার ছোট বহুলা গ্রামের শহীদ মিয়ার পুত্র।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শরীফ মিয়াসহ তিন যুবক একটি মোটরসাইকেলে করে বানিয়াচংয়ের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আতুকুড়া এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত মিশুক গাড়ির সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় তিনজনই রাস্তায় ছিটকে পড়েন। এতে শরীফ মিয়া অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত দুই যুবক—ফাহাদ ও সুহেবকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক শরীফ মিয়াকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানান, আহত দুইজনের অবস্থাও আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছিল।
খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ হাসপাতালে উপস্থিত হয়ে নিহত ও আহতদের পরিচয় নিশ্চিত করে। পুলিশ জানায়, নিহতের পরিবারের সদস্যরা এখনও হাসপাতালে না আসায় ময়নাতদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এদিকে, দুর্ঘটনার বিষয়ে বানিয়াচং থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/