
নিজস্ব প্রতিবেদক:
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, স্বাধীন বাংলাদেশে আর কোনো গোপন বন্দিশালা বা ‘আয়নাঘর’ থাকতে দেওয়া হবে না। জোরপূর্বক গুমের সঙ্গে জড়িতরা যত ক্ষমতাবানই হোক, তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।
রবিবার (৩০ আগস্ট) আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, গুম কোনো সাধারণ অপরাধ নয়; এটি মানবতাবিরোধী অপরাধ। একটি মানুষকে গুম করা হলে শুধু একজন ব্যক্তি হারিয়ে যান না, বরং তার পরিবার হারায় হাসি, শান্তি, স্বপ্ন ও সামাজিক-অর্থনৈতিক নিরাপত্তা।
তিনি বলেন, অতীতের বিভিন্ন সময়ে গুম ও গোপন বন্দিশালার কারণে বহু পরিবার সীমাহীন কষ্ট ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটিয়েছে। রাজনৈতিক মতপার্থক্য বা ভিন্নমত প্রকাশের কারণে কোনো নাগরিককে ভয়ভীতি, নিপীড়ন কিংবা গুমের শিকার হতে দেওয়া হবে না বলেও তিনি উল্লেখ করেন।
গুম সংক্রান্ত তদন্ত কমিশনের চূড়ান্ত প্রতিবেদনের তথ্য তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, কমিশন ১ হাজার ৫৬৯টি ঘটনাকে সুনির্দিষ্টভাবে গুম হিসেবে চিহ্নিত করেছে। এসব ঘটনার মধ্যে ২৮৭ জন নিখোঁজ অথবা মৃত বলে উল্লেখ করা হয়েছে।
রাষ্ট্রপতি বলেন, ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। পাশাপাশি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে গুমসহ মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
গুমের শিকার ব্যক্তিদের পরিবারের প্রতি রাষ্ট্রের দায়িত্বের বিষয়টি গুরুত্ব দিয়ে তিনি বলেন, শুধু অপরাধীদের শাস্তি দিলেই রাষ্ট্রের দায়িত্ব শেষ হবে না। দীর্ঘদিন ধরে প্রিয়জনের অপেক্ষায় থাকা পরিবারগুলোর সামাজিক নিরাপত্তা, চিকিৎসা, শিক্ষা, জীবিকা ও পুনর্বাসনের দায়িত্বও রাষ্ট্রকে নিতে হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে রাজনৈতিক মতপার্থক্য থাকবে, কিন্তু প্রতিহিংসা থাকবে না; মতপ্রকাশের স্বাধীনতা থাকবে, কিন্তু ভয়ের সংস্কৃতি থাকবে না। আইনশৃঙ্খলা রক্ষার নামে কোনোভাবেই মানবাধিকার ও সুবিচার লঙ্ঘনের সুযোগ দেওয়া হবে না।
#রাষ্ট্রপতি #মির্জাফখরুল #আয়নাঘর #গুম #আন্তর্জাতিক_গুম_প্রতিরোধ_দিবস #বাংলাদেশ #মানবাধিকার #দৈনিক_শীর্ষ_অপরাধ
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/