
শেখ ফরিদ উদ্দিনঃ
জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ-এর মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। বহুল আলোচিত এই মামলার তদন্তে নতুন অগ্রগতি হিসেবে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
বুধবার বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম। তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার জুয়েল রানা-এর আদালত গত ২৪ মে এ আদেশ দেন।
তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউল মোর্শেদ আদালতে আবেদন করেন। আবেদনে মরদেহ কবর থেকে উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত, ময়নাতদন্ত সম্পন্ন এবং এ কার্যক্রম তদারকির জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের অনুমতি চাওয়া হয়।
আবেদনের শুনানি শেষে আদালত মরদেহ উত্তোলনের অনুমতি প্রদান করেন।
এদিকে, সালমান শাহর মা নিলুফা জামান চৌধুরী নীলার আইনজীবী আবিদ হাসান বলেন, মামলার নতুন তদন্তের অংশ হিসেবে একটি ময়নাতদন্ত প্রতিবেদন প্রয়োজন হতে পারে। তবে প্রায় তিন দশক পর মরদেহ উত্তোলনের মাধ্যমে কার্যকর আলামত পাওয়া কঠিন হতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ কারণে আদালতের আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি।
মামলার নথি অনুযায়ী, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সকালে সালমান শাহর পরিবারের সদস্যরা ঢাকার নিউ ইস্কাটনের বাসভবনে যান। সেখানে পরিবারের সদস্যরা তাকে শয়নকক্ষের খাটে নিথর অবস্থায় দেখতে পান। পরবর্তীতে তার মৃত্যু নিয়ে বিভিন্ন প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়, যা দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।
বাংলাদেশ চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় ৩০ বছর পর দেহাবশেষ উত্তোলনের এই সিদ্ধান্ত মামলার তদন্তে নতুন মাত্রা যোগ করেছে। তদন্ত কর্মকর্তারা আশা করছেন, প্রয়োজনীয় আইনি ও বৈজ্ঞানিক প্রক্রিয়া অনুসরণ করে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে এটি সহায়ক ভূমিকা রাখতে পারে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/