
নিজস্ব প্রতিবেদক:
দেশের প্রচলিত সংবিধান নাকি শরিয়াহ আইন—এই প্রশ্নে বিরোধী দল জামায়াতে ইসলামীর অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রয়াত সংসদ সদস্য সুনীল কুমার গুপ্তের স্মরণসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ আহ্বান জানান।
তথ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের রাজনীতি বহুত্ববাদ ও মতের বৈচিত্র্যের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। এই বৈচিত্র্যকে অস্বীকার করলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। যে রাষ্ট্র বৈচিত্র্যকে ধারণ করে, সে রাষ্ট্রই উন্নতির পথে এগিয়ে যায়। তিনি যুক্তরাষ্ট্রের উদাহরণ টেনে বলেন, বৈচিত্র্যকে গ্রহণ করার কারণেই দেশটি উন্নতির শিখরে পৌঁছেছে।
জামায়াতে ইসলামীর সাম্প্রতিক বক্তব্যে অসঙ্গতির বিষয়টি তুলে ধরে তিনি বলেন, একদিকে দলটি শরিয়াহ আইন প্রতিষ্ঠার কথা বলছে, অন্যদিকে বিভিন্ন মহলে তারা প্রচলিত সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার প্রতিশ্রুতি দিচ্ছে। এ অবস্থায় তাদের প্রকৃত অবস্থান কী—তা স্পষ্ট করা প্রয়োজন।
তিনি প্রশ্ন রাখেন, জামায়াত কি সাংবিধানিক কাঠামোর মধ্যেই ক্ষমতায় যেতে চায়, নাকি শরিয়াহ আইন প্রতিষ্ঠার লক্ষ্যেই তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তথ্যমন্ত্রী আরও বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে জামায়াতে ইসলামী তাদের অবস্থানে ধীরে ধীরে পরিবর্তন এনেছে। বিশেষ করে ২০১২ সালে নিবন্ধন বজায় রাখতে গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধন আনা হয়, যেখানে পূর্বের ইসলামী শাসনব্যবস্থার ভাষার পরিবর্তে সাংবিধানিক শব্দাবলি অন্তর্ভুক্ত করা হয়।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়েও দলটি শরিয়াহ আইন থেকে সরে এসে প্রচলিত আইনের অধীনে রাজনীতি করার ইঙ্গিত দিয়েছে। তবে সংসদে তাদের নতুন বক্তব্যের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া জরুরি বলে তিনি মনে করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/