
জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা নিশ্চিত এবং সরবরাহ স্বাভাবিক রাখতে দেশের ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অননুমোদিতভাবে তেল মজুতের প্রবণতা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়-এর নির্দেশে বিজিবি মাঠে নামানো হয়েছে।
বিজিবি সদর দপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ মোতায়েন কার্যক্রম একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় বাস্তবায়ন করা হচ্ছে। ইউনিট সদর থেকে দূরে দায়িত্ব পালনের সুবিধার্থে নিরাপদ স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে সদস্যরা দায়িত্ব পালন করছেন।
গত ২৫ মার্চ থেকে শুরু হওয়া এ কার্যক্রমে ঢাকা জেলা, কুড়িগ্রাম জেলা, রংপুর জেলা, রাজশাহী জেলা, সিলেট জেলা, মৌলভীবাজার জেলা, কুমিল্লা জেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলা এবং সুনামগঞ্জ জেলা-এর মোট ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক কার্যক্রম এবং নিরাপত্তা ব্যবস্থার কঠোর বাস্তবায়ন নিশ্চিত করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার, অবৈধ জ্বালানি মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং সম্ভাব্য নাশকতা মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে এবং সংশ্লিষ্ট এলাকায় বিজিবির দৃশ্যমান উপস্থিতির মাধ্যমে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখা ও জনমনে আস্থা বৃদ্ধির চেষ্টা করা হচ্ছে।
এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে অতিরিক্ত টহল, নৌ টহল জোরদার, চেকপোস্ট স্থাপন এবং তল্লাশি কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। সীমান্তবর্তী আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি বাড়ানোর পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/