
রাশেদুল ইসলাম :
রাজধানীর ভাটারা থানাধীন জোয়ার সাহারা এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে মোঃ রাকিব হাসান (২৪) নামে এক নিরাপত্তাকর্মীকে লাঠিপেটা করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটে ১৮ মার্চ ২০২৬ তারিখ সকাল সাড়ে ৭টার দিকে।
নিহত রাকিব হাসান জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার জোনাইল গ্রামের বাসিন্দা। তিনি ঢাকায় একটি বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান “এলিট ফোর্স সিকিউরিটি সার্ভিস লিমিটেড”-এ কর্মরত ছিলেন এবং ভাটারা এলাকার একটি ভাড়া বাসায় সহকর্মীদের সঙ্গে থাকতেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সহকর্মী শাকিল আলী (২০) এর সঙ্গে রাকিবের অর্থ লেনদেন ছিল। একপর্যায়ে শাকিলের কাছে প্রায় ১৩ হাজার টাকা পাওনা হয়। এর মধ্যে ৪ হাজার টাকা পরিশোধ করা হলেও বাকি টাকা নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
ঘটনার দিন সকালে পূর্বপরিকল্পিতভাবে শাকিল আলী ও তার সহযোগী মাসুদ রানা (২২) রাকিবের শয়নকক্ষে প্রবেশ করে টাকা দাবি করে। এসময় বাকবিতণ্ডার একপর্যায়ে শাকিল আলী ঘরের বাইরে থেকে একটি কাঠের লাঠি এনে রাকিবের ঘাড় ও বুকে আঘাত করে। এতে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। পরে পুনরায় আঘাত করলে তিনি অজ্ঞান হয়ে যান।
এসময় সহকর্মীরা এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় রাকিবকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবারের দাবি, পূর্বপরিকল্পিতভাবে পাওনা টাকা আদায়ের অজুহাতে তাকে হত্যা করা হয়েছে।
ভাটারা থানার অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেন। ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ভাটারা থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/