
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
সাংবাদিকদের পারস্পরিক সৌহার্দ্য, পেশাগত বন্ধন সুদৃঢ় করা এবং মানসিক প্রশান্তি অর্জনের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বার্ষিক আনন্দভ্রমণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১১ ও ১২ জুলাই (শনিবার ও রোববার) আয়োজিত এ কর্মসূচিতে প্রেসক্লাবের সদস্য, আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন। এবারের ভ্রমণের গন্তব্য ছিল দেশের অন্যতম পর্যটনকেন্দ্র মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল।
দুই দিনের সফরে অংশগ্রহণকারীরা লাউয়াছড়া জাতীয় উদ্যান, চা-বাগান, মনিপুরী ও খাসিয়া পল্লী, উন্মুক্ত বন্যপ্রাণী এলাকা, ১৯৭১ সালের বধ্যভূমি এবং ‘স্বাগতম চায়ের কন্যা’সহ শ্রীমঙ্গলের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
ভ্রমণ শেষে শ্রীমঙ্গলের কালিঘাট চা-বাগান এলাকায় স্থানীয় শিল্পী ও রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এবং দৈনিক ইত্তেফাক-এর সাংবাদিক এম. এ. মোমেন।
সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, আরটিভি ও মানবকণ্ঠ-এর সাংবাদিক এস. এম. রোবেল মাহমুদ, দৈনিক সংবাদচর্চা-এর প্রকাশক ও সম্পাদক এবং জিটিভির সিনিয়র স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ খান মুন্না, তারাবো পৌর বিএনপি নেতা কে. এম. মাহমুদ হাসান সিয়াম, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক ও মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভূঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, তারাবো পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লেনিন খানসহ স্থানীয় সাংবাদিক ও বিভিন্ন সামাজিক-রাজনৈতিক ব্যক্তিত্ব।
সাংস্কৃতিক পর্বে শ্রীমঙ্গলের বাউল ফকির আব্দুল গণি, তাজুল ইসলাম, রুবি আক্তার, টুম্পা ইয়াসমিন, আলকাছ মিয়া, জয়নাল আবেদিন ও সায়মন সংগীত পরিবেশন করেন। এছাড়া রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে নৃত্য ও সংগীত পরিবেশিত হয়, যা অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী। বিজয়ীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিকদের জন্য এমন সৃজনশীল ও মিলনমেলার আয়োজন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
দুই দিনের এ আয়োজন আনন্দঘন ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়। অংশগ্রহণকারী সাংবাদিকরা এমন ব্যতিক্রমধর্মী উদ্যোগের জন্য রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/