
একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ শৃঙ্খলা, শাসনতান্ত্রিক অনুক্রম এবং প্রশাসনিক গাম্ভীর্যের দৃশ্যমান বহিঃপ্রকাশ ঘটে রাষ্ট্রাচার বা প্রটোকল কাঠামোর মাধ্যমে। রাষ্ট্রাচার কেবল আনুষ্ঠানিক রীতি বা শিষ্টাচার নয়; এটি রাষ্ট্রের ক্ষমতা বিন্যাস ও সাংবিধানিক ভারসাম্যের প্রতীকী প্রকাশ।
সম্প্রতি পুলিশ সপ্তাহের মতো গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অনুষ্ঠানে স্যালুট গ্রহণ বা অভিবাদন মঞ্চে সরকারপ্রধানের সমান্তরালে অন্য ব্যক্তিবর্গের অবস্থান গ্রহণ প্রশাসনিক বিজ্ঞান, সামরিক-বেসামরিক প্রটোকল এবং রাষ্ট্রীয় আচরণবিধির আলোকে গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিয়েছে।
সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রধানমন্ত্রী রাষ্ট্রের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ও প্রশাসনিক কেন্দ্রবিন্দু হিসেবে বিবেচিত। রাষ্ট্রীয় স্যালুট গ্রহণ বা কুচকাওয়াজ সংক্রান্ত প্রচলিত প্রটোকল অনুযায়ী সরকারপ্রধান মূল মঞ্চে এককভাবে অগ্রভাগে অবস্থান করেন। সংশ্লিষ্ট কর্মকর্তা বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ তাঁর পেছনে নির্ধারিত দূরত্ব বজায় রেখে দাঁড়ান।
এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সমান্তরালে বা একই সারিতে অন্য কারও অবস্থান গ্রহণ “এক্সিকিউটিভ প্রিমাসি” বা নির্বাহী শ্রেষ্ঠত্বের নীতির সঙ্গে সাংঘর্ষিক বলেই প্রতীয়মান হয়।
রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিতে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে ব্যক্তিবর্গের শারীরিক অবস্থানও ক্ষমতার একটি সুস্পষ্ট বার্তা বহন করে। প্রধানমন্ত্রী পদটি কোনো ব্যক্তির পরিচয় নয়; এটি রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রতিষ্ঠানের প্রতীক।
ফলে সরকারপ্রধানের সমান্তরালে অন্যদের অবস্থান জনমনে ক্ষমতার অনুক্রম ও প্রশাসনিক চেইন অব কমান্ড সম্পর্কে বিভ্রান্তিকর ধারণা তৈরি করতে পারে। রাষ্ট্রীয় শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মর্যাদার ক্ষেত্রে এটি কোনোভাবেই ইতিবাচক দৃষ্টান্ত নয়।
রাষ্ট্রীয় স্যালুট গ্রহণের মতো সংবেদনশীল আনুষ্ঠানিকতায় এ ধরনের ব্যত্যয় প্রটোকল ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পেশাদারিত্ব ও প্রাতিষ্ঠানিক সচেতনতা নিয়ে প্রশ্ন তোলে। এটিকে নিছক সাধারণ ভুল হিসেবে দেখার সুযোগ নেই।
কারণ, রাষ্ট্রাচারের নিয়মে ধারাবাহিক বিচ্যুতি একসময় সাংবিধানিক প্রটোকল কাঠামোর অবক্ষয়ের ঝুঁকি সৃষ্টি করতে পারে। একটি সুশাসিত রাষ্ট্রে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মর্যাদা, ঐতিহ্য ও আনুষ্ঠানিক শৃঙ্খলা সমুন্নত রাখা অপরিহার্য দায়িত্ব।
উদ্ভূত পরিস্থিতি অনিচ্ছাকৃত অজ্ঞতা, নাকি পদ্ধতিগত ত্রুটির ফল—তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা উচিত। একইসঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রটোকল সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনা সময়ের দাবি।
রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষায় এখনই প্রয়োজন যথাযথ সতর্কতা ও প্রাতিষ্ঠানিক শুদ্ধি। অন্যথায়, এমন প্রশাসনিক বিচ্যুতি ধীরে ধীরে রাষ্ট্রীয় শৃঙ্খলার ভিত্তিকেই দুর্বল করে তুলতে পারে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/