
রাজধানীতে বিদ্যুতের ওপর চাপ কমাতে প্রতিটি বাসাবাড়িতে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়নে বেসরকারি খাতকে নীতিগত সহায়তা দেওয়া হবে।
বৃহস্পতিবার (৭ মে) ঢাকার বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এ আয়োজিত তিন দিনব্যাপী বিদ্যুৎ, জ্বালানি ও নির্মাণ সরঞ্জামবিষয়ক বিআইআইডি এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, বিদ্যুতের ব্যাকআপ ব্যবস্থা শক্তিশালী করতে সোলার বিদ্যুৎ সহজলভ্য করা হবে। আগামী জুনের মধ্যে সরকারি আদেশের মাধ্যমে এ বিষয়ে নতুন নীতিমালা জারি করার পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দীর্ঘদিন নেতৃত্ব ও সমন্বয়ের অভাবে দেশে বড় পরিসরে সৌরবিদ্যুৎ ব্যবস্থার প্রসার ঘটেনি। তবে বর্তমান সরকার নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌর ও বায়ু বিদ্যুতকে বিশেষ গুরুত্ব দিচ্ছে।
সরকার আগামী পাঁচ বছরে সৌরবিদ্যুৎ উৎপাদন ১০ হাজার মেগাওয়াটে উন্নীত করতে চায় বলেও জানান তিনি। এ লক্ষ্যে ঢাকা ও অন্যান্য শহরের ভবনের ছাদে বেসরকারি উদ্যোগে রুফটপ সোলার স্থাপনের পরামর্শ দেন মন্ত্রী।
তিনি বলেন, বাসাবাড়িতে উৎপাদিত অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করে মাস শেষে নেট মিটারিং পদ্ধতিতে হিসাব করা যাবে। এতে গ্রাহকের বিদ্যুৎ বিল সমন্বয় করা সম্ভব হবে এবং ভবনের মালিকরাও আর্থিকভাবে লাভবান হবেন।
ইকবাল হাসান মাহমুদ আরও বলেন, শুধুমাত্র সরকারি উদ্যোগে এ পরিকল্পনা সফল করা কঠিন। তাই বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে রাজধানীর প্রতিটি বাড়িকে সোলার ব্যবস্থার আওতায় আনতে পারলে ঢাকার বিদ্যুতের বড় ধরনের চাপ কমানো সম্ভব হবে।
আসন্ন ঈদুল আজহা সামনে রেখে ব্যবসায়ী সংগঠনগুলো মার্কেট খোলা রাখার সময় বাড়ানোর দাবি জানিয়েছে বলেও অনুষ্ঠানে উল্লেখ করেন তিনি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/