
নয়ন রায়:
যশোরের কোতোয়ালি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরকসহ সাব্বির ওরফে গোল্ডেন সাব্বির (২৮) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৬। বুধবার (১৪ জানুয়ারি) রাত ১:১৫ ঘটিকার সময় যশোর শহরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার একটি ভাড়া ফ্ল্যাট থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাব্বির যশোর শহরের শংকরপুর এলাকার খোকন মেসিয়ারের ছেলে।
অভিযানকালে র্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের আভিযানিক দল ওই ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ০১টি পিস্তল, ০১টি ম্যাগাজিন ও ০৩ রাউন্ড গুলি উদ্ধার করে। পরবর্তীতে রান্নাঘরের কার্নিসের ওপর বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় আরও ১৫টি ককটেল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাব্বির অবৈধভাবে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সাব্বির এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে এর আগে বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, বিস্ফোরক, ডাকাতি ও মাদকসহ অন্তত ১০টি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনে নতুন মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। জননিরাপত্তা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে র্যাব।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/