
মেঘনা উপজেলা প্রতিনিধি :
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলার ৫নং বড়কান্দা ইউনিয়ন পরিষদে দীর্ঘদিন নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণকারী গ্রাম পুলিশ সদস্য হোরন চন্দ্র দাসকে ব্যতিক্রমধর্মী ও রাজকীয় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
রবিবার (৩ মে) সকাল ১১টায় বড়কান্দা ইউনিয়ন পরিষদের হলরুমে মানবিক চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপনের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন এবং সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এ.কে.এম.এস.এ কিবরিয়া।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান মোঃ ফারুক হোসেন রিপন বলেন, “গ্রাম পুলিশ হোরন চন্দ্র দাস দীর্ঘদিন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে করোনা মহামারির সময় তারা জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে মানবিক সহায়তা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, যা সত্যিই প্রশংসনীয়।”
তিনি আরও বলেন, “গ্রাম পুলিশের দায়িত্ব অনেক বড় হলেও তাদের মূল্যায়ন আমরা সবসময় ঠিকভাবে করি না। এই চিন্তা থেকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি—তাদের অবদানকে সম্মান জানাতে এমন বিদায় অনুষ্ঠান আয়োজন করবো। ইউনিয়ন পরিষদ আমাদের একটি পরিবার, আর সেই পরিবারের একজন সদস্যকে সম্মান জানানো আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তফা কামাল, মোঃ সাহাব উদ্দিন (সাব মিয়া) ও বড়কান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ মাহফুজ মিয়া। এছাড়াও বিভিন্ন ওয়ার্ডের সদস্যবৃন্দ, মহিলা সদস্য, সাংবাদিক ও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিদায়ী বক্তব্যে হোরন চন্দ্র দাস বলেন, “চাকরি জীবনের সমাপ্তি হলেও ইউনিয়নবাসীর সঙ্গে কাটানো সময় আমার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। এমন সুন্দর আয়োজনের জন্য চেয়ারম্যানসহ সকলের প্রতি আমি কৃতজ্ঞ।”
অনুষ্ঠান শেষে চেয়ারম্যানের নেতৃত্বে পরিষদের পক্ষ থেকে তাকে ক্রেস্ট, সম্মাননা ও উপহার প্রদান করা হয়। আবেগঘন পরিবেশে তাকে বর্ণাঢ্য বিদায় জানানো হয়, যা উপস্থিত সকলকে আপ্লুত করে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/