
মোঃ নাজিম উদ্দিন, মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার মেঘনা উপজেলায় বিএনপির সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে উপজেলার ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করা হয় এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন মেঘনা উপজেলায় একটি মানসম্মত নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠা, বিদ্যুৎ লোডশেডিং পরিস্থিতির উন্নতি এবং উপজেলার রাস্তাঘাট যথাযথভাবে মেরামত ও সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জয়নাল আবদিন সরকার, দিলারা শিরিন, ডা. এম এ কাইয়ুম, প্রভাষক শহিদুল ইসলাম, আবু ইউসুব নয়ন, আনিছুর রহমান, আব্দুল মতিন, মো. হুমায়ুন কবির, জহিরুল ইসলাম, আব্দুল কাদের, আব্দুল গাফফার, অ্যাডভোকেট কামরুজ্জামান, আবুল কাশেম চেয়ারম্যান, অহিদুজ্জামান, আলমগীর হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল হান্নান, যুগ্ম আহ্বায়ক ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. হাবিবুর রহমান, আতাউর রহমান লোদী, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম মেম্বারসহ যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাইফ উদ্দিন রতন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হাসান বিপ্লব শিকদার, সদস্য সচিব আকিল মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুর উদ্দিন মিন্টু, কেরামত আলীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এ সময় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন, সদস্য সচিব জাকির মাহমুদ, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল হক, সাইফুল ইসলাম, মারুফ হাউদসহ নেতৃবৃন্দ; মহিলাদলের সাবেক সাংগঠনিক সম্পাদক লিপি মেম্বার, তাসলিমা আক্তারসহ নেতৃবৃন্দ এবং শ্রমিক দলের সাধারণ সম্পাদক মহসিন প্রধান, মাফুজুর রহমান, জুয়েল রানা, আবু বক্কর সিদ্দিক, শাহজালালসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, দেশের মানুষের অধিকার আদায়ে তাঁর ভূমিকা এবং জাতীয়তাবাদী রাজনীতিতে তাঁর অবদানের কথা স্মরণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, “বাংলাদেশের রাজনীতিতে উজ্জ্বল নক্ষত্র, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় বারবার আন্দোলন করেছেন। স্বৈরাচার এরশাদ ও হাসিনা দেশের গণতন্ত্রকে বারবার গলাটিপে হত্যা করেছে। বাংলাদেশের জাতীয়তাবাদী ও ইসলামি মূল্যবোধে উজ্জীবিত ব্যক্তিবর্গের প্রিয় নেত্রী হিসেবে বেগম খালেদা জিয়া মানুষের হৃদয়ে স্থান দখল করে আছেন।”
পরে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/