
ডেস্ক রিপোর্ট:
লক্ষ্মীপুরের রায়পুরে মা ও তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পৈশাচিক কায়দায় হত্যার ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। ঘটনার পেছনে লম্পট ও মাদকাসক্ত এক যুবকের চরম প্রতিশোধপরায়ণতা কাজ করেছে বলে ধারণা করছেন স্থানীয় বাসিন্দারা। তবে হত্যাকাণ্ডের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে মূল ঘাতকও নিহত হওয়ায় এই রোমহর্ষক ঘটনার নেপথ্য রহস্য উদ্ঘাটনে পুলিশকে বেশ বেগ পেতে হচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড (দেনায়েতপুর) এলাকার একটি ভাড়া বাসায় এই লোমহর্ষক চার খুনের ঘটনা ঘটে।
রক্তাক্ত এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন একই পরিবারের চার নারী:
অনুসন্ধানে ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই নৃশংস হত্যাকাণ্ডের বীজ রোপিত হয়েছিল প্রায় এক বছর আগে। ঘাতক অন্তর আগে ওই ভবনেরই পাঁচতলার একটি কক্ষে ভাড়া থাকত। সেই সুবাদে নিচতলার ভাড়াটিয়া শাহিনুর বেগমের পরিবারের সঙ্গে তার পরিচয় হয়।
প্রতিবেশীরা জানান, অন্তরের স্বভাব-চরিত্র ভালো ছিল না, সে নিয়মিত মাদক সেবন করত। একপর্যায়ে সে শাহিনুর বেগমকে লক্ষ্য করে আজেবাজে মন্তব্য ও উত্ত্যক্ত (ইভটিজিং) করা শুরু করে। শাহিনুর বেগম এর তীব্র প্রতিবাদ করলে দুজনের মধ্যে চরম বাগবিতণ্ডা হয়। পরবর্তীতে বিষয়টি বাড়ির মালিককে জানালে চাপের মুখে অন্তরকে ওই বাসা থেকে বের করে দেওয়া হয়।
বাসা থেকে বিতাড়িত হয়ে চরম অপমানিত বোধ করে অন্তর। স্থানীয়দের ধারণা, সেই অপমানের প্রতিশোধ নিতেই ভেতরে ভেতরে এক বছর ধরে এই বর্বরোচিত খুনের ব্লুপ্রিন্ট তৈরি করছিল সে।
বৃহস্পতিবার সকাল আনুমানিক ৯টার দিকে পূর্বপরিকল্পনা অনুযায়ী ধারালো অস্ত্র নিয়ে শাহিনুর বেগমের বাসায় ঢোকে অন্তর। বাসায় কোনো পুরুষ মানুষ না থাকার সুযোগে সে প্রথমে শাহিনুরের ওপর হামলা চালায়। মাকে বাঁচাতে তিন মেয়ে এগিয়ে এলে ঘাতক অন্তর পশুর মতো মেতে ওঠে রক্তহোলিতে। চারজনকেই এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত ও ক্ষতবিক্ষত করে সে।
চিৎকার শুনে পাশের বাসার ভাড়াটিয়ারা জানালা দিয়ে এই নারকীয় দৃশ্য দেখে চিৎকার শুরু করলে অন্তর পালানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে আশপাশের ক্ষুব্ধ জনতা তাকে ঘিরে ফেলে এবং গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় দুপুরে ঢাকা নেওয়ার পথে মারা যায় এই খুনি।
এই পৈশাচিক ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। উত্তেজিত জনতাকে সামাল দিতে গিয়ে ইটপাটকেলের আঘাতে ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনার সময় শাহিনুর বেগমের একমাত্র ছেলে জুনায়েদ ইসলাম (১৮) দোকানে কাজে থাকায় অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ ‘দৈনিক শীর্ষ অপরাধ’কে জানান:
"হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট মোটিভ এখনো শতভাগ নিশ্চিত হওয়া যায়নি, কারণ অভিযুক্ত যুবকও গণপিটুনিতে মারা গেছে। তবে প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উচ্ছেদের প্রতিশোধ নিতেই অন্তর এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। পুলিশের তদন্ত কার্যক্রম জোরদারভাবে চলমান রয়েছে।"

প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/