
মাদারিপু জেলা প্রতিনিধি:
মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
রোববার (৯ মার্চ) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত টানা প্রায় চার ঘণ্টা মাদারীপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নতুন মাদারীপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান হাওলাদার আক্তার ও তার ভাই লিটন হাওলাদারের সঙ্গে নিহত শাকিল মুন্সির ভাই হাসান মুন্সি এবং তার সমর্থক আলামিন চৌকিদার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল।
রোববার রাতে সেই বিরোধের জেরে দুই পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় শতাধিক হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে সংঘর্ষের পর এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।
স্থানীয়রা জানান, ২০২৫ সালের ফেব্রুয়ারিতে যুবলীগ কর্মী লিটন হাওলাদারকে মাদারীপুর পৌর শ্রমিক দলের সভাপতি করা হলে শাকিল মুন্সির সঙ্গে তার দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীতে ওই বিরোধ সহিংস রূপ নেয়।
এর আগে ২০২৫ সালের ২৩ মার্চ কারাগারে থাকা মনিরুজ্জামান হাওলাদারের জামিন শুনানিকে কেন্দ্র করে তার সমর্থক ও শাকিল মুন্সির পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ওইদিন রাতে শাকিল মুন্সিকে কুপিয়ে গুরুতর জখম করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এরপর থেকে গত এক বছরে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে অন্তত ১০ বারের বেশি সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
মাদারীপুর সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”
তিনি আরও জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় প্রায়ই দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/