
মোঃ সুজন আহাম্মেদ রাজশাহীঃ
২৭ ফেব্রুয়ারি, ২০২৬
ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, ভূমি সংক্রান্ত দীর্ঘদিনের জনভোগান্তি, অনিয়ম এবং দালালের দৌরাত্ম্য বন্ধে সরকার কঠোর অবস্থান নিয়েছে। ভূমিদস্যু যেই হোক না কেন, তাদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহী নগরীর একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় জনসাধারণের সঙ্গে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
সারাদেশে চালু হচ্ছে ওয়ান স্টপ সার্ভিস
ভূমিমন্ত্রী জানান, উন্নত বিশ্বের আদলে দেশের ভূমি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে সারাদেশে ‘ওয়ান স্টপ সার্ভিস সেন্টার’ চালু করা হবে। জেলা প্রশাসক (ডিসি) কার্যালয়ের পাশেই এই সেন্টারগুলো গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এতে করে সেবাগ্রহীতাদের বিভিন্ন টেবিল বা অফিসে দৌড়াতে হবে না; এক জায়গা থেকেই আবেদন জমা এবং সেবা গ্রহণ করা যাবে। ভূমিসেবা নিয়ে মানুষের দীর্ঘদিনের সন্দেহ ও অবিশ্বাস দূর করতে ডিজিটালাইজেশন ও কঠোর মনিটরিং নিশ্চিত করার ঘোষণাও দেন তিনি।
পরিবেশ রক্ষায় মন্ত্রী বলেন, পুকুর ভরাট করার কোনো সুযোগ নেই। ভরাট হয়ে যাওয়া পুকুরগুলো পুনঃখনন করার উদ্যোগ নেওয়া হবে। বর্তমান ভূমি আইনের জটিলতা নিরসন করে তা যুগোপযোগী করার প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত মন্ত্রী
মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজ নির্বাচনী এলাকা রাজশাহীতে এসে সাধারণ মানুষের অভাবনীয় ভালোবাসায় সিক্ত হন মিজানুর রহমান মিনু। শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিরতিহীনভাবে তিনি সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। রিকশাচালক, দিনমজুর থেকে শুরু করে শিক্ষক, চিকিৎসক ও ব্যবসায়ীরা সারিবদ্ধভাবে প্রিয় নেতাকে শুভেচ্ছা জানাতে আসেন।
এ সময় মন্ত্রী বলেন, রাজশাহীর মাটি ও মানুষের ভালোবাসাই আমার রাজনীতির মূল শক্তি। কাজের মাধ্যমে আমি এই ভালোবাসার প্রতিদান দিতে চাই। ভূমি মন্ত্রণালয়কে একটি স্বচ্ছ ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর করাই আমার প্রধান লক্ষ্য।
সাদামাটা জীবন ও রিকশাযোগে প্রস্থান
মতবিনিময় সভা শেষে মন্ত্রী তাঁর চিরচেনা সাদামাটা রূপে ধরা দেন। কোনো প্রটোকল বা বিলাসবহুল গাড়ি ছাড়াই তিনি তাঁর পুরাতন রিকশাযোগে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে রওনা হন। মন্ত্রীর এই বিনয়ী আচরণ উপস্থিত জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রশংসার সৃষ্টি করেছে।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/