
সাইফুল ইসলামঃ
দেশের বাজারে বোতলজাত সয়াবিন তেলের দাম প্রতি লিটারে আরও ৫ টাকা বাড়ানো হয়েছে। নতুন নির্ধারিত দামে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল কিনতে ভোক্তাদের গুনতে হবে ২০৪ টাকা। তবে খোলা সয়াবিন তেল ও পামওয়েলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।
আজ বুধবার (২ সেপ্টেম্বর) সচিবালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে মূল্য সমন্বয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্য সচিব মো. আতাউর রহমান খান।
বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম বৃদ্ধি এবং পরিবহন ব্যয় বেড়ে যাওয়ার কথা উল্লেখ করে ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম আরও বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে সাধারণ ভোক্তার ওপর অতিরিক্ত চাপ কমানো এবং ব্যবসায়ীদের দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার সীমিত পরিসরে দাম সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে চলতি বছরের এপ্রিলের শেষে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ৪ টাকা বাড়িয়ে ১৯৫ টাকা থেকে ১৯৯ টাকা করা হয়েছিল। চার মাসের মাথায় আবারও দাম বাড়ায় এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াল ২০৪ টাকা।
সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল ঘোষণা ও চিনির দাম বৃদ্ধির পর ভোজ্যতেলের দাম বাড়ায় বাজারে মূল্যস্ফীতির চাপ এবং অন্যান্য নিত্যপণ্যের দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাণিজ্য সচিব বলেন, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
তিনি আরও জানান, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী দুই-এক মাসের মধ্যে ভোজ্যতেলের দাম পুনরায় সমন্বয় করা হতে পারে। পাশাপাশি জ্বালানি ও বিদ্যুৎ খাত স্থিতিশীল হলে সার্বিক বাজার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/