
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় পারিবারিক কলহের জেরে কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগে আন্নি খাতুন (২১) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বোরহানুল ইসলাম বাদী হয়ে শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে স্বামী পরশ মন্ডলসহ শ্বশুরবাড়ির পাঁচজন ও অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারে বলা হয়, প্রায় দুই বছর আগে উপজেলার পাঁকা ইউনিয়নের বেগুনিয়া গ্রামের পল্টু মন্ডলের ছেলে পরশ মন্ডলের (২৩) সঙ্গে আন্নির বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা তাকে নানাভাবে নির্যাতন করত। গত ৯ সেপ্টেম্বর ভোরে পরিকল্পিতভাবে শয়নকক্ষে আটকে রেখে আন্নিকে শারীরিক নির্যাতনের পর জোরপূর্বক কীটনাশক খাওয়ানো হয়।
অসুস্থ অবস্থায় তাকে প্রথমে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ সেপ্টেম্বর রাত ৩টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
নিহতের ভাই দাবি করেছেন, মৃত্যুর আগে আন্নি নিজ মুখে ঘটনার বর্ণনা দেন এবং সেটি তিনি মোবাইলে রেকর্ড করেছেন। তবে ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির সবাই পলাতক থাকায় তাদের বক্তব্য জানা সম্ভব হয়নি।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আখতারী জানান, মামলা গ্রহণ করা হয়েছে। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/