
বিশেষ প্রতিবেদক , ২০ জুন:
বাংলাদেশকে একটি শক্তিশালী ও বিশ্বে পরিচিত রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ।
শনিবার (২০ জুন) বিকেলে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর জাতীয় পর্যায়ের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশকে একটি শক্তিশালী ও সম্মানজনক দেশ হিসেবে গড়ে তুলতে হবে। এই দায়িত্ব আগামী প্রজন্মের। কারণ এ দেশ তাদের ভবিষ্যৎ, তাদের বাংলাদেশ।”
শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, “ফুটবল, সাঁতার, সংগীত, চিত্রাঙ্কন, আবৃত্তি কিংবা কোরআন তেলাওয়াত—যে যার প্রতিভা বিকাশের সুযোগ পাবে। সরকার সেই পরিবেশ নিশ্চিত করবে।”
তিনি বলেন, আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠতে হলে শুধু খেলাধুলা নয়, পড়াশোনা ও অন্যান্য প্রতিভার বিকাশও সমান গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মকে বহুমুখী দক্ষতায় সমৃদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “তোমরাই একদিন বাংলাদেশ পরিচালনা করবে। তোমাদেরকে আমাদের চেয়েও ভালোভাবে দেশ চালাতে হবে।”
প্রধানমন্ত্রী জানান, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ের এই ফুটবল প্রতিযোগিতার সাফল্যের ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়েও একই ধরনের টুর্নামেন্ট চালুর পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে “প্রাইম মিনিস্টার কাপ” চালুর কথাও ঘোষণা করেন তিনি।
প্রতিযোগিতার ব্যাপক অংশগ্রহণের কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২২ লাখেরও বেশি শিক্ষার্থী এ আয়োজনে অংশ নিয়েছে। গত দেড় মাসে অনুষ্ঠিত হয়েছে এক লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ। এই বিশাল আয়োজনকে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়ারও পরামর্শ দেন তিনি।
তারেক রহমান বলেন, ক্রিকেট যেমন বাংলাদেশকে বিশ্বে পরিচিত করেছে, তেমনি ফুটবল, সাঁতার, হকি, টেনিসসহ বিভিন্ন খেলাধুলার মাধ্যমে দেশের নতুন প্রজন্ম আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
অনুষ্ঠানে বালিকা বিভাগে পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালক বিভাগে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধানমন্ত্রী বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি তুলে দেন।
অনুষ্ঠানে মন্ত্রিপরিষদের সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সংসদ সদস্য, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/