
নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঈদুল আজহার পশুর বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে গাফিলতির দায়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি ও ডিএসসিসি) আরও ছয়জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৯ মে) রাতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এবং প্রধান স্বাস্থ্য কর্মকর্তার বিরুদ্ধে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রয়োজনীয় ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জানান, রাজধানীর সড়কগুলো থেকে সময়মতো ময়লা-আবর্জনা পরিষ্কার না করা, পানি নিষ্কাশনের ড্রেনগুলো অবরুদ্ধ রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ার কারণেই এই কর্মকর্তাদের বিরুদ্ধে প্রত্যাহারের পাশাপাশি বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রতিমন্ত্রী আরও বলেন,
"মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা অত্যন্ত জরুরি। এটি বাস্তবায়নের জন্য আমরা দ্রুত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছি।"
এর আগে, কোরবানির ঈদের দ্বিতীয় দিন শুক্রবার দুপুরে আকস্মিকভাবে রাজধানীর সার্বিক পরিস্থিতি পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী তারেক রহমান। গুলশানের বাসভবন থেকে শুরু করে তিনি রামপুরা, মালিবাগ, বাসাবো, কমলাপুর, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, ধোলাইখাল, নারিন্দা, বংশাল, গুলিস্তান, শাহবাগ, নিউমার্কেট, জিগাতলা, ধানমন্ডি, ফার্মগেট, বিজয় সরণি ও মহাখালীসহ ঢাকার দুই সিটির বিভিন্ন এলাকা নিজে ঘুরে দেখেন।
এ সময় হাতিরপুল, এলিফ্যান্ট রোড, গ্রিন রোড, ফার্মগেট ও কারওয়ান বাজারসহ বেশ কিছু এলাকায় পশুর বর্জ্য ও ময়লার স্তূপ দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি।
পরিদর্শনকালেই দায়িত্বে অবহেলার সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা কাজী সালেহ মোস্তানজিরকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্জ্য ব্যবস্থাপনায় সুনির্দিষ্ট গাফিলতি খতিয়ে দেখতে আগামী ১ জুন থেকে মন্ত্রণালয়ের ২০টি বিশেষ তদন্ত টিম মাঠে নামবে। এই টিমগুলো দ্রুত তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর ব্যর্থ ও দায়ী অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
প্রধানমন্ত্রীর এই ঝটিকা সফর ও পরিদর্শনের সময় গাড়িতে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন এবং প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ অ্যাডভোকেট মেহেদুল ইসলাম।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/