
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
নবনির্মিত জেলা আইনজীবী সমিতি ভবনের ফলক উন্মোচন এবং ডিজিটাল ‘ই-বেইল বন্ড’ (ই-জামিননামা) সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২০ এপ্রিল) বেলা সোয়া ১১টার দিকে বগুড়া জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন উদ্বোধন করেন তিনি। পরে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে বগুড়াসহ দেশের সাতটি জেলায় ডিজিটাল পদ্ধতিতে জামিননামা দাখিলের ‘ই-বেইল বন্ড’ সেবার কার্যক্রম চালুর ঘোষণা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ১০টার দিকে প্রধানমন্ত্রীর গাড়িবহর বগুড়া সার্কিট হাউসে পৌঁছায়। এর আগে সকাল ৬টা ১০ মিনিটে তিনি স্ত্রী ডা. জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা হন।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তার নিজ জেলা বগুড়ায় প্রথম সফর। এ সফরকে ঘিরে জেলা জুড়ে ব্যাপক প্রস্তুতি ও উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
সফরসূচি অনুযায়ী, আইনজীবী সমিতি ভবন উদ্বোধনের পর তিনি বগুড়া পৌরসভা ভবনের একটি ফলক উন্মোচন করেন। এরপর গাবতলীর বাগবাড়ী এলাকায় জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করার কথা রয়েছে।
দুপুর ১টার দিকে শহিদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ এবং নশিপুর এলাকায় চৌকিরদহ খাল খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে তিনি বাগবাড়ীতে অবস্থিত তার পৈতৃক নিবাস পরিদর্শন করবেন।
বিকেল ৪টায় আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। জনসভা শেষে বগুড়া প্রেসক্লাব ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন তিনি।
সংশ্লিষ্টরা বলছেন, ‘ই-বেইল বন্ড’ চালুর মাধ্যমে বিচারপ্রার্থীরা দ্রুত ও সহজে জামিননামা দাখিল করতে পারবেন, যা বিচার প্রক্রিয়াকে আরও গতিশীল ও আধুনিক করবে। পাশাপাশি নতুন আইনজীবী সমিতি ভবন আইনজীবীদের পেশাগত কার্যক্রম পরিচালনায় সহায়ক ভূমিকা রাখবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/