
নিজস্ব প্রতিবেদক
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে ‘জীবন বান্ধব বাজেট’ হিসেবে আখ্যায়িত করেছেন তারেক রহমান। তিনি বলেছেন, এই বাজেট এমনভাবে প্রণয়ন করা হয়েছে যাতে দেশের সব শ্রেণি-পেশার মানুষ অন্তত কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারেন।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদ-এর ত্রয়োদশ সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, সংসদের যাত্রা শুরুর পর নানা বিষয়ে মতপার্থক্য ও আলোচনা হলেও গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশবাসীর সামনে একটি আশার বার্তা তুলে ধরা সম্ভব হয়েছে। বিরোধীদলীয় নেতার বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, গণতন্ত্রে ভিন্নমত ও আলোচনার গুরুত্ব রয়েছে এবং সেটিই দেশের জন্য ইতিবাচক।
তিনি বলেন, সরকারের এ অর্জন শুধু সরকারি দলের নয়, দেশের প্রায় ২০ কোটি মানুষের সহযোগিতার ফল। জনগণের সমর্থনের কারণেই সরকার ও বিরোধী দল একসঙ্গে আলোচনা করে দেশকে এগিয়ে নেওয়ার পথ তৈরি করতে পেরেছে।
৫ আগস্টের পর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, শিক্ষা ও স্বাস্থ্য খাতের পরিস্থিতি অত্যন্ত নাজুক ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সরকার ধাপে ধাপে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে। বর্তমানে সংসদে দলীয় ও স্বতন্ত্র সদস্যরা জনগণের স্বার্থে সভ্য ও গণতান্ত্রিক পরিবেশে আলোচনা করছেন, যা দেশের জন্য ইতিবাচক দৃষ্টান্ত।
বাজেটকে রাষ্ট্র পরিচালনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান উল্লেখ করে তিনি বলেন, অতীতের বিতর্কে না গিয়ে সরকার ভবিষ্যৎমুখী পরিকল্পনা নিয়েই কাজ করতে চায়। বাস্তবতার সীমাবদ্ধতা থাকলেও সর্বোচ্চ বিবেচনা ও দক্ষতা কাজে লাগিয়ে একটি বাস্তবমুখী বাজেট প্রণয়নের চেষ্টা করা হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বাজেটে নিত্যপ্রয়োজনীয় ৬১টি পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত সাধারণ মানুষ, বিশেষ করে নারীদের কাছে ইতিবাচকভাবে গ্রহণযোগ্য হয়েছে। তিনি বলেন, এই সিদ্ধান্তের ফলে বাজেট ঘোষণার আগে বা পরে প্রয়োজনীয় পণ্যের দামে অস্বাভাবিক বৃদ্ধি দেখা যায়নি, যা সরকারের জন্য একটি ইতিবাচক সাফল্য।
তিনি আরও বলেন, জনগণের প্রতি সরকারের যে দায়িত্ব রয়েছে, এই বাজেটের মাধ্যমে তার কিছুটা হলেও পালন করা সম্ভব হয়েছে এবং সাধারণ মানুষের জন্য স্বস্তির পরিবেশ তৈরির চেষ্টা করা হয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/