
শাহদাত হোসেন তালুকদার সাকু:
নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিজের মুখ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছেন।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনটি মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশ করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার বিধান অনুযায়ী অবসরপ্রাপ্ত সচিব এ বি এম আব্দুস সাত্তারকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্তাবলি সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস-এর মুখ্য সচিব হিসেবে দায়িত্বে থাকা এম সিরাজ উদ্দিন মিয়ার চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ গত সোমবার বাতিল করে সরকার। তিনি ২০২৪ সালের ২ অক্টোবর থেকে চুক্তিভিত্তিকভাবে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব পদে দায়িত্ব পালন করে আসছিলেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/