
নিজস্ব প্রতিবেদক, ঢাকা | ২১ জুন, ২০২৬
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর নিজের প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের বিশেষ আমন্ত্রণে অনুষ্ঠিত এই সফরে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদারের বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। মালয়েশিয়া সফর শেষে তিনি চার দিনের এক রাষ্ট্রীয় সফরে চীন যাবেন।
আজ রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। এ সময় বিমানবন্দরে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ মন্ত্রিসভার সদস্য, চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের শীর্ষ নেতারা তাঁকে বিদায় জানান।
প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং ২৫ সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে আটজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা রয়েছেন।
সফরসঙ্গীদের মধ্যে অন্যতম হলেন— পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
এ ছাড়া প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা এবং প্রবাসী কল্যাণবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, পররাষ্ট্র ও দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, ডাক, টেলিযোগাযোগ, তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান-প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (বিনিয়োগ ও পুঁজিবাজার) তানভীর গণি এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সফরে তাঁর সঙ্গে রয়েছেন।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থানকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় পুরোপুরি উন্মুক্ত করা, অনিয়মিত কর্মীদের বৈধতা প্রদান, বাণিজ্য সম্প্রসারণ, শিক্ষা খাতে সহযোগিতা এবং বাংলাদেশে নতুন মালয়েশিয়ান বিনিয়োগ আকর্ষণের বিষয়গুলো মূল এজেন্ডা হিসেবে স্থান পাবে।
এদিকে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর শহরকে বর্ণিল সাজে সাজানো হয়েছে। শহরের প্রধান রাজপথগুলোতে দুই দেশের জাতীয় পতাকা শোভা পাচ্ছে।
দুই দিনের মালয়েশিয়া সফর শেষে আগামীকাল সোমবার (২২ জুন) দুপুরে চীনের বন্দরনগরী দালিয়ানের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ থেকে ২৬ জুন পর্যন্ত তিনি চীনে অবস্থান করবেন। চীন সফরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের 'সামার ডাভোস' সম্মেলনে অংশ নেবেন। এই সফরে বেইজিং ও ঢাকার মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে প্রায় ১৫ থেকে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক (MoU) সই হওয়ার সম্ভাবনা রয়েছে।
সব আনুষ্ঠানিকতা শেষে আগামী ২৬ জুন প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/