
নিজস্ব প্রতিবেদক
পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা.) উপলক্ষে দেশবাসী ও সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
বুধবার (২৬ আগস্ট) ধর্মমন্ত্রী তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক আবেগঘন স্ট্যাটাসে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় ধর্মমন্ত্রী বলেন, “আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানবজাতির সর্বশ্রেষ্ঠ পথপ্রদর্শক, রহমাতুল্লিল আলামিন, নূরে মুজাসসাম হযরত মুহাম্মদ মুস্তফা (সা.)-এর পবিত্র বেলাদাতের এই ঐতিহাসিক ও পুণ্যময় দিনে আমি দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ।”
তিনি বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নাবীর দিনটি বিশ্বমানবতার ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল অধ্যায়। অন্ধকার, অন্যায় ও জাহেলিয়াতের অবসান ঘটিয়ে বিশ্বকে আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে পাঠিয়েছেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, মহানবী (সা.) তাঁর মহান চরিত্র, ক্ষমা, দয়া ও ইনসাফের মাধ্যমে মানবসমাজে বৈপ্লবিক পরিবর্তন এনেছিলেন। মানবজীবনে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ ও সিরাত অনুসরণই একমাত্র পথ।
তিনি সবাইকে আহ্বান জানিয়ে বলেন, পবিত্র এই দিনে প্রিয় নবী (সা.)-এর উসওয়াতুন হাসানাহ বা সর্বোত্তম আদর্শ ব্যক্তিগত, পারিবারিক ও রাষ্ট্রীয় জীবনে ধারণ করার দৃঢ় অঙ্গীকার করতে হবে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ ভুলে পরমতসহিষ্ণুতা, পারস্পরিক সহমর্মিতা এবং অসাম্প্রদায়িক ও শান্তিময় সমাজ গঠনে সবাইকে উদ্বুদ্ধ হতে হবে।
শুভেচ্ছা বার্তার শেষে ধর্মমন্ত্রী মহান আল্লাহর কাছে বাংলাদেশকে শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতির পথে এগিয়ে নেওয়ার তৌফিক কামনা করেন। একই সঙ্গে সমগ্র মুসলিম উম্মাহর ওপর আল্লাহর বিশেষ রহমত নাজিলের জন্য দোয়া করেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/