
নেপালের চলমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ সরকার। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেপালে চলমান সহিংসতা ও প্রাণহানির ঘটনায় বাংলাদেশ গভীর শোক প্রকাশ করছে। একইসঙ্গে নিহতদের পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে বাংলাদেশ।
এতে আরও বলা হয়, বাংলাদেশ আশা করে—সব পক্ষ সর্বোচ্চ সংযম প্রদর্শন করবে এবং যেকোনো মতপার্থক্য শান্তিপূর্ণ ও গঠনমূলক আলোচনার মাধ্যমে সমাধান করবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, নেপালের দীর্ঘস্থায়ী বন্ধু ও প্রতিবেশী হিসেবে বাংলাদেশ বিশ্বাস করে—নেপালের জনগণ শান্তি পুনরুদ্ধার ও স্থিতিশীলতা নিশ্চিত করতে সক্ষম।
প্রসঙ্গত, নেপালে টানা বিক্ষোভের কারণে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠেছে। রাজধানী কাঠমান্ডুতে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করে বিক্ষোভকারীরা একটি ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পার্লামেন্ট প্রাঙ্গণের ভবনে আগুন ধরানো হলেও মূল পার্লামেন্ট ভবন অক্ষত রয়েছে।
এর কিছুক্ষণ আগে দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন। তার আগেই বিক্ষোভকারীরা অলির ভক্তপুরের বাসভবনসহ কয়েকজন শীর্ষ নেতার বাড়িতে অগ্নিসংযোগ করে। প্রত্যক্ষদর্শীদের মতে, হাজারো বিক্ষোভকারী স্লোগান দিতে দিতে পার্লামেন্ট চত্বরে প্রবেশ করে এবং ধোঁয়ায় আচ্ছন্ন ভবনে ব্যাপক ভাঙচুর চালায়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/