
নিজস্ব প্রতিবেদক
অন্তর্বর্তী সরকারের সময়ে উপদেষ্টা থাকাকালীন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলিকে কেন্দ্র করে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন দুদকের মুখপাত্র আকতারুল ইসলাম।
এর আগে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নিয়োগ, বদলি এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক।
অভিযোগ সংশ্লিষ্ট অন্য তিনজন হলেন—যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।
অভিযোগগুলোর অনুসন্ধানে ইতোমধ্যে দুদকের চার সদস্যের একটি তদন্ত দল গঠন করা হয়েছে। অনুসন্ধান প্রক্রিয়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের ১৮৮ কর্মকর্তার বদলিকে ঘিরে অর্থ লেনদেনের প্রাথমিক তথ্য-প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।
দুদকের পক্ষ থেকে বলা হয়েছে, অনুসন্ধানে প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে আসিফ মাহমুদের সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করেছিল দুদক। ক্ষমতার প্রভাব খাটিয়ে তদবির-বাণিজ্য এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রায় ১১ মাস অনুসন্ধানের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/