
নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ধামরাইয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ঘুমের ওষুধ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে তার সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর মায়ের করা মামলায় অভিযুক্ত আজহারুল ইসলাম (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে ধামরাই উপজেলার কেলিয়া দক্ষিণ পাড়া এলাকায় একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজহারুল ইসলাম পেশায় রংমিস্ত্রি। তার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা থানার সমাসপুর সূতি গ্রামে। প্রায় সাত বছর আগে ভুক্তভোগী কিশোরীর মায়ের সঙ্গে তার বিয়ে হয়।
অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে আজহারুল তার দুই সৎ মেয়েকে কৌশলে ঘুমের ওষুধ খাওয়ান। পরে দুই বোন আলাদা কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত ৪টার দিকে তিনি তার স্ত্রীর হাত-পা রশি দিয়ে খাটের সঙ্গে বেঁধে মুখে টেপ লাগিয়ে দেন। এরপর বড় মেয়ের কক্ষে গিয়ে ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করেন বলে মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে ছোট মেয়ে তাদের মায়ের হাতের বাঁধন খুলে দিলে তিনি বড় মেয়েকে উদ্ধার করেন। পরে কিশোরী তার মাকে জানায়, এর আগেও বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তার সৎ বাবা তাকে ধর্ষণ করেছেন।
ঘটনার বিষয়টি জানাজানি হলে বুধবার সন্ধ্যায় আজহারুল বাসায় ফিরলে স্থানীয় লোকজন তাকে আটক করে মারধর করেন। খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, ভুক্তভোগী কিশোরীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে। মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। কিশোরীর স্বাস্থ্য পরীক্ষাসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/