
নিজস্ব প্রতিনিধিঃ
প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও ট্যুরিস্ট ভিসা চালু করেছে ভারত। আগামী ২৮ জুন থেকে পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।
বৃহস্পতিবার (২৫ জুন) রাজধানীর ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (IVAC) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ ঘোষণা দেন। তিনি জানান, ভারত তার স্বাভাবিক ভিসা কার্যক্রম পুনরায় শুরু করছে এবং জরুরি মানবিক বিবেচনায় মেডিকেল ভিসাও আগের মতো চালু থাকবে।
প্রাথমিকভাবে দেশের পাঁচটি ভিসা কেন্দ্র থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন গ্রহণ ও ভিসা প্রদান করা হবে। কেন্দ্রগুলো হলো— ঢাকা, চট্টগ্রাম, খুলনা, সিলেট এবং রাজশাহী। পর্যায়ক্রমে অন্যান্য ভিসা কেন্দ্রেও কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
উল্লেখ্য, ২০২৪ সালের আগস্টে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর কার্যক্রম সীমিত করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট ভিসা কার্যক্রমও স্থগিত হয়ে যায়। দীর্ঘ বিরতির পর পুনরায় এ সেবা চালুর ফলে দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ, পর্যটন ও ভ্রমণ আরও সহজ হবে বলে আশা প্রকাশ করেছেন ভারতীয় হাইকমিশনার।
দীনেশ ত্রিবেদী বলেন, “আমরা আশা করি এই সিদ্ধান্ত দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে।”
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/