
ফেনী জেলা প্রতিনিধি:
ফেনী জেলার সোনাগাজী–দাগনভুঁইয়া আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল আউয়াল মিন্টুর নির্বাচনী প্রচারনা ঘিরে দাগনভুঁইয়া উপজেলার বিভিন্ন স্থানে টানটান উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে—বিএনপির প্রার্থী হয়েও তিনি দলীয় নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের কর্মীদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন, যা স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে।
১৭ নভেম্বর সোমবার দুপুরে রাজাপুর ইউনিয়নের কোরাইশমুন্সী বাজারে রাজাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমানের অনুসারীরা ধানের শীষের প্রচারণায় আওয়ামী লীগ কর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় যুবদল নেতা ও ফেনী জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সবুজ প্রতিবাদ জানান। তিনি অভিযোগ করে বলেন,
মিছিলের আয়োজক বিএনপি'র নেতারা আওয়ামী লীগের সাবেক চেয়ারম্যান মামুনের সঙ্গে ব্যবসা করেছেন। দলীয় কর্মীদের খবর নেননি, ত্যাগী নেতাকর্মীরা বাদ পড়েছেন; অথচ আওয়ামী লীগের লোকজন নিয়ে প্রচারণা করছেন।”
এ নিয়ে মিছিলস্থলে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা ও বাকবিতণ্ডা ঘটে। এক পর্যায়ে সংঘর্ষে দুইজন আহত হন।
এদিকে একই দিন বিকেলে ৭নং মাতুভূঞা ইউনিয়নের বেকেরবাজারে ধানের শীষের পক্ষে আরেকটি প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা গড়িয়ে গেলে ওই মিছিকে কেন্দ্র করে বিএনপির অন্য একটি পক্ষ দাগনভূঞা যুবদলের যুগ্ম আহবায়ক নাছির উদ্দীনের ব্যক্তিগত অফিসে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৬–৭ জনকে মারধর করে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগও ওঠে।
এ বিষয়ে রাজাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজানুর রহমান বলেন,
“আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি ছিল। কিন্তু সবুজের লোকজন মিছিল করতে বাধা দেয়।”
অপরদিকে যুবদল নেতা ইসমাইল হোসেন সবুজ অভিযোগ অস্বীকার করে বলেন,
“আমরা কোনো মিছিলে বাধা দিইনি। শুধু আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের লোকজনকে ধানের শীষের মিছিলে আনার বিরুদ্ধে কথা বলেছি।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, বিএনপির অভ্যন্তরীণ বিরোধ ও প্রার্থীকে ঘিরে আস্থাহীনতা নির্বাচনী মাঠে বিভাজন বাড়িয়ে তুলছে। আর আওয়ামী লীগের কর্মীদের উপস্থিতি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া পুরো প্রচারণাকে আরও বিতর্কিত করেছে।

প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/