
।।কুমিল্লা থেকে শেখ ফরিদ উদ্দিন।।
বিএনপির ত্যাগী নেতা ও দলটির সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়াকে মূল্যায়ন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় স্থানীয় সরকার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোস্তাক মিয়াকে জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ায় কুমিল্লার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সন্তোষ বিরাজ করছে। বিএনপির দুর্দিনে মাঠে থেকে নেতাকর্মীদের পাশে থাকা এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করায় তাকে এভাবে মূল্যায়ন করায় স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উল্লেখ্য, বিগত সময়ে মাঠের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন মোস্তাক মিয়া। তিনি নিয়মিত দলীয় কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং নিজ উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। এছাড়া জেলা রেড ক্রিসেন্ট ও ডায়াবেটিক সোসাইটির কার্যক্রম দক্ষতার সঙ্গে পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তৃণমূল পর্যায়ে দলকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ছাত্রদল থেকে রাজনীতিতে যুক্ত হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় রয়েছেন।
গত ১৫ বছরে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ ও অবদান ছিল প্রশংসনীয়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার দীর্ঘদিনের ত্যাগ, একনিষ্ঠতা ও দলের প্রতি আনুগত্যের স্বীকৃতি হিসেবেই তাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
নবনিযুক্ত প্রশাসক মোস্তাক মিয়া প্রতিক্রিয়ায় বলেন, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করবেন। তাকে এ দায়িত্ব দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।
তিনি আরও বলেন, স্থানীয় সরকারের তৃণমূল পর্যায়ের দুর্নীতি দূর করে গ্রামীণ অবকাঠামোর উন্নয়ন এবং সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নই হবে তার প্রধান লক্ষ্য। অফিসে শৃঙ্খলা প্রতিষ্ঠা ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এ দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেছেন মোস্তাক মিয়া।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/