
নিজস্ব প্রতিবেদক:
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বর্তমান সরকার বাস্তবায়ন করবে বলে ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানির সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে। একইসঙ্গে তিস্তা ব্যারাজ প্রকল্পও বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন, “অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য নানা কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার প্রতিশ্রুতি দিচ্ছে, শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেওয়া হবে।”
ভূগর্ভস্থ পানির অতিরিক্ত ব্যবহারকে বিপজ্জনক উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এতে পরিবেশ ও দুর্যোগ ঝুঁকি বাড়ছে। মাটির নিচে পানির স্তর নেমে যাওয়ায় কৃষকরাও সেচ সংকটে পড়ছেন। এ কারণে সরকার খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে বলেও জানান তিনি।
তারেক রহমান আরও বলেন, খাল খনন শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়; এটি কৃষি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ভূমিকম্প ঝুঁকির সঙ্গেও সম্পর্কিত।
তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। কিন্তু সচেতনতা বাড়াতে হবে। গাছপালা কাটা ও ফসলি জমি কমে যাওয়ায় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে।”
প্রধানমন্ত্রী জানান, নতুন দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে। একইসঙ্গে দেশের সীমিত সম্পদ রক্ষা ও প্রকৃতির ভারসাম্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/