
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার তিতাস উপজেলায় বাংলাদেশ সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধিগ্রহণকৃত সরকারি জমি দখলকে কেন্দ্র করে ফের উত্তেজনা দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্র প্রশাসনের পূর্ব নির্দেশনা অমান্য করে পুনরায় ডেজার মেশিন দিয়ে সরকারি জমিতে মাটি ভরাট শুরু করেছে।
স্থানীয় সূত্র জানায়, তিতাস থানার বাতা কান্দি বাজার সংলগ্ন সওজ বিভাগের অধিগ্রহণকৃত জমিতে কয়েক মাস আগে প্রথম দফায় মাটি ভরাটের চেষ্টা চালানো হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে সেই কার্যক্রম বন্ধ করা হয়। একই সঙ্গে জমিটি সরকারি সম্পত্তি উল্লেখ করে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে সেখানে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়।
তবে অভিযোগ রয়েছে, সম্প্রতি সংঘবদ্ধ একটি ভূমিদস্যু চক্র ওই সাইনবোর্ড সরিয়ে ফেলে পুনরায় মাটি ভরাট শুরু করে। ডেজার মেশিন ব্যবহার করে প্রকাশ্যে এ কার্যক্রম চালানো হলেও সংশ্লিষ্টদের বিরুদ্ধে এখনো দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি স্থানীয়দের।
এ ঘটনায় সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষ তিতাস থানা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রশাসনের নির্দেশনা ও সরকারি মালিকানার সাইনবোর্ড উপেক্ষা করে বারবার জমি দখলের চেষ্টা প্রমাণ করে এর পেছনে প্রভাবশালী মহলের মদদ রয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, কোন শক্তির প্রভাবে সরকারি জমি দখলের এমন প্রকাশ্য চেষ্টা চলতে পারে?
এদিকে, অধিগ্রহণকৃত জমির আরএস ও এসএ রেকর্ডভুক্ত মালিকদের উত্তরাধিকারীরা জানান, তারা দীর্ঘদিন ধরে জমির ভোগদখলে থাকলেও নিজেদের অধিকার নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভয় পাচ্ছেন। তাদের আশঙ্কা, প্রতিবাদ করলে হামলা বা হয়রানির শিকার হতে হতে পারেন।
এ পরিস্থিতিতে স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে জড়িতদের চিহ্নিত করা এবং সরকারি জমি রক্ষায় কার্যকর আইনগত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/