
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ
ঢাকা-বরিশাল মহাসড়কের বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন স্বামী, স্ত্রী ও তাদের একমাত্র শিশু কন্যা। মঙ্গলবার (২৬ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতরা হলেন উজিরপুর পৌরসভার বাসিন্দা আব্দুল হাকিমের ছেলে ফিরোজ মাহমুদ (৩৯), তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের শিশু কন্যা জান্নাত আক্তার। সুখের ছোট্ট পরিবারটি এক মুহূর্তেই নিভে যাওয়ায় স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফিরোজ মাহমুদ স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে উজিরপুরের দিকে যাচ্ছিলেন। পথে গৌরনদীর বাটাজোর বাসস্ট্যান্ড এলাকায় যানজটের কারণে তারা মোটরসাইকেল থামিয়ে দাঁড়িয়ে ছিলেন। ঠিক সেই সময় পেছন দিক থেকে দ্রুতগতিতে আসা তাজ আনন্দ পরিবহনের একটি বেপরোয়া বাস তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার তীব্রতায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই গুরুতর আহত হন তিনজন। স্থানীয়রা দ্রুত উদ্ধার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। একসঙ্গে পরিবারের তিন সদস্যের প্রাণহানির ঘটনায় উপস্থিত মানুষের মাঝেও নেমে আসে শোক ও আতঙ্ক।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়। তবে ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যেতে সক্ষম হন। এ ঘটনায় কিছু সময়ের জন্য ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসীন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই পরিবারের তিন সদস্যের এমন হৃদয়বিদারক মৃত্যুতে পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/