
স্টাফ রিপোর্টার:
রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট কমানো, পরিবেশ সংরক্ষণ এবং নগরবাসীর যোগাযোগ ব্যবস্থা আরও সহজ করতে ঢাকার চারপাশের নৌপথগুলো দ্রুত সচল করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (২ আগস্ট) সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের বিশেষ সভাকক্ষে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের সভায় প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নদীর দূষণ রোধ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং নদীর নাব্যতা ও স্বাভাবিক পানিপ্রবাহ বজায় রাখতে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ঢাকার চারপাশের নৌপথে যাত্রী পরিবহনে আগ্রহী বেসরকারি কোম্পানিগুলোর প্রস্তাব বিবেচনা করে ওয়াটার বাস পরিচালনার সুযোগ দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর সড়কপথের ওপর চাপ কমবে এবং নগরবাসীর জন্য বিকল্প যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠবে।
সভায় পরিবেশ সংরক্ষণ ও নগর সৌন্দর্য বৃদ্ধির বিষয়েও বিশেষ গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী। তিনি নদীতীরবর্তী ওয়াকওয়ের পাশে বিভিন্ন প্রজাতির গাছ লাগানোর নির্দেশ দেন, যাতে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং নদীর তীরের সৌন্দর্য বৃদ্ধি পায়।
সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/