
বজলুর রহমান | ঢাকা
রাজধানীর ডেমরার ধার্মিকপাড়া এলাকায় মাদক ব্যবসা ও সেবনের বিস্তার রোধে বিক্ষোভ মিছিল, র্যালি ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে ডেমরা থানার ৬৪ নম্বর ওয়ার্ডের ধার্মিকপাড়া এলাকায় ধার্মিকপাড়া মাদক নির্মূল কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পঞ্চায়েত কমিটির সভাপতি সোহরাব হোসেন বাবু, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ ডেমরা থানার সভাপতি রিনা ইয়াসমিন, সহ-সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক সিরাজুল মিয়া, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, আসন্ন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদপ্রার্থী বজলুর রহমানসহ নূরুল ইসলাম, আসুতোষ ও মোস্তফাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, কোনাপাড়া ও ধার্মিকপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন চলছে। এর ফলে চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। একাধিকবার সভা-সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হলেও মাদক কারবারিদের দৌরাত্ম্য কমেনি; বরং তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয়দের দাবি, অনেক সময় মাদক ব্যবসায়ীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হলেও অজ্ঞাত কারণে তারা অল্প সময়ের মধ্যেই জামিনে বা অন্য উপায়ে বেরিয়ে আসে। ফলে সাধারণ মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাদকের ভয়াল থাবায় যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে। ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষায় মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার আহ্বান জানান তারা।
এ বিষয়ে ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাইফুর রহমান মির্জা বলেন, "মাদকের বিরুদ্ধে ডেমরা থানা পুলিশের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসায়ীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকসংক্রান্ত যেকোনো তথ্য সরাসরি আমাকে জানালে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
স্থানীয়দের প্রত্যাশা, প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযানের মাধ্যমে ডেমরা এলাকায় মাদক নির্মূলে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং অপরাধপ্রবণতা উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/