
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা, ২৩ সেপ্টেম্বর ২০২৫ খ্রি.
গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের আগুন নেভাতে গিয়ে দগ্ধ ফায়ার সার্ভিসের কর্মীদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
মঙ্গলবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “গতকাল টঙ্গীতে কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আমাদের চারজন ফায়ার ফাইটার ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক, আর দুইজনের দগ্ধের পরিমাণ কম। এখানে আন্তর্জাতিক মানের চিকিৎসা দেওয়া হচ্ছে। ডাক্তাররা সর্বোচ্চ চেষ্টা করছেন। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, তারা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন।”
তিনি আরও বলেন, দগ্ধ ফায়ারকর্মীদের সুচিকিৎসায় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক এবং জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসায় কোনো অবহেলা বা গাফিলতি সহ্য করা হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন।
এসময় জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দীন জানান, দগ্ধদের চিকিৎসায় একটি মনিটরিং টিম সার্বক্ষণিক কাজ করবে। তিনি বলেন, “কোনো রোগীর চিকিৎসা দেশে নাকি বিদেশে করা হবে—সে বিষয়ে আমরা বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেই সিদ্ধান্ত নেবো, আবেগের ভিত্তিতে নয়। রোগীদের সুচিকিৎসা নিশ্চিত করতেই যা যা প্রয়োজন সবই করা হবে।”
এসময় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল এনডিসি, ইনস্টিটিউটের ঊর্ধ্বতন কর্মকর্তা ও চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন দগ্ধ ফায়ার সার্ভিস কর্মীরা হলেন—টঙ্গী ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাঈম (৪২% দগ্ধ),ফায়ার ফাইটার শামীম আহমেদ (১০০% দগ্ধ),ফায়ার ফাইটার মো. নূরুল হুদা (১০০% দগ্ধ), ফায়ার ফাইটার মো. জয় হাসান (৫% দগ্ধ)।
এছাড়া দুর্ঘটনায় আহত কেমিক্যাল গুদামের কর্মচারী আল আমিন বাবু (৯৫% দগ্ধ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
উল্লেখ্য, গতকাল (২২ সেপ্টেম্বর) গাজীপুর জেলার টঙ্গীর সাহারা মার্কেটের একটি কেমিক্যাল গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ফায়ার স্টেশনের চারজন ফায়ার কর্মী এবং গুদামের একজন কর্মচারী গুরুতরভাবে দগ্ধ হন।
প্রধান সম্পাদক : মো. আবদুল লতিফ জনি, সম্পাদক ও প্রকাশক : মাহাবুবুল হক, বার্তা ও বানিজ্যিক কার্যালয়: ১৭৭, মাহতাব সেন্টার, ৮ম তলা, বিজয়নগর, পুরানা পল্টন, ঢাকা -১০০০। ফোন নাম্বার: +৮৮০২৯৬৯৭৪৮৮৮৯, ই-মেইল: editor.dso@gmail.com, ওয়েবসাইট: https://shirsoaparadh.com/